ফের পাহাড়ধসে কক্সবাজারে স্বামী-স্ত্রী নিহত 

কক্সবাজার শহরের বাদশাহ ঘোনা এলাকায় বসতঘরের ওপর পাহাড় ধসে চাপা পড়ে স্বামীসহ সন্তানসম্ভবা স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতের ওই দুর্ঘটনায় নিহতরা হলেন আনোয়ার হোসেন ও মাইমুনা আক্তার। 

এর একদিন আগেই বুধবার ভোরে কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় দুই বাংলাদেশি ও আট রোহিঙ্গাসহ ১০ জন নিহত হন। 

নিহতের স্বজনরা জানিয়েছেন, সারা রাত ভারি বর্ষণে মাটি নরম হয়ে যায়। আনোয়ার হোসেনদের ঘর ছিলো পাহাড়ের পাদদেশে। 

হঠাৎ বসত ঘরের উপর ধসে পড়ে পাহাড়ের মাটি। ঘুমন্ত স্বামী ও তার স্ত্রীর মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

পরে ঘণ্টাখানেক চেষ্টার পর দুজনকে চাপা পড়া মাটির ভেতর থেকে বের করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। 

তবে তার আগেই ওই দম্পতি মারা গিয়েছেন বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরে গিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।