আসামির জেলের ভেতরের ছবি ফেসবুকে আসায় চাঞ্চল্য 

কুমিল্লা কারাগারে বন্দী ফজলে রাব্বী। তিনি কলেজ ছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলার প্রধান আসামি।

তবে কারাগারের ভেতর থেকেই নিজের একটি ছবি তুলেছেন এই আসামি। তা পাঠানো হয়েছে স্বজনদের কাছে। অভিযুক্তের ছোট ভাই সেই ছবিটি ফেসবুকে আপলোড করেছেন।

এরপরই শুরু হয়েছে চাঞ্চল্য। হত্যা মামলার আসামিকে এ কাজে সহযোগিতা করার দায়ে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কুমিল্লা কারা কর্তৃপক্ষ।

কুমিল্লা কারাগার ভেতর ফজলে রাব্বীর সম্প্রতি তোলা ছবিটি তার ছোট ভাই এ কে আল আমিনের আইডিতে পোস্ট করা হয়। পোস্টে লেখা হয় 'ভাই সময় আসবে ইনশাল্লাহ'। ছবিটি পরে ডিলিটও করা হয়।

অভিযোগ উঠেছে, কারাগারে থাকা রাব্বীর ছবি ব্যবহার করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে নিহত অর্ণবের পরিবারকে।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে আসামির ছবি বাইরে সরবরাহ হওয়ায় কারাগারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কুমিল্লার জ্যেষ্ঠ জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা এ বিষয়ে ইতো মধ্যেই পদক্ষেপ নিয়েছে। ছবি সরবরাহে অভিযুক্ত ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলারও প্রস্তুতি চলছে।