পাওনা টাকা চাওয়ায় হত্যা, চারজনের ফাঁসি

কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ওই ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

নিহত কাপড় ব্যবসায়ীর নাম ফারুক আহমেদ রাজু (২২)। হত্যার ঘটনায় তার বাবা মো. মোস্তফা চারজনকে আসামি করে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, পাওনা টাকা চাওয়ার জেরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। পরে আসামিরা তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটিক ট্যাংকে ফেলে দেয়। দেহটি আলাদা জায়গায় মাটি চাপা দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, পার্শ্ববর্তী মির্জানগর গ্রামের সুমন মিয়া, আব্দুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার। আদালতে রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।

আইনজীবী রফিকুল ইসলাম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। আশাবাদী উচ্চ আদালত রায়টি বহাল রাখবেন।