দুই মেয়েসহ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য 

স্বামী-স্ত্রীসহ দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধারে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে তাদের মৃত্যু হলো সেই সন্ধানে নেমেছে পুলিশ।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়া থেকে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৫) ও তাদের মেয়ে সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, শনিবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে।

প্রতিবেশীরা জানান, সকালে বাড়ির লোকজনের কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেয়া হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, নিহত সোহাগ ছিলেন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।

কিন্তু সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ দেখতে পান তারা।

নিহতদের মধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ টিনের চালের কাঠে ঝুলছিল। জান্নাত ও আরেক মেয়ের মরদেহ পড়ে ছিল খাটের পাশে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এটা হত্যা নাকি অন্য কিছু, তা বলা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর।

এদিকে মরদেহগুলোর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।