মহেশখালীতে পাহাড় ধসে বাবার মৃত্যু, মেয়ে আহত

কক্সবাজারে মহেশখালীতে পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার বেলা সকাল ১০টার দিকে উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুস শুক্কুর ওরফে মনু মিয়া (৬০)। তিনি ওই এলাকার বাসিন্দা। আহতের নাম মোস্তফা খানম (২০)। তিনি মনু মিয়ার কন্যা। 

নিহতের সন্তান জয়নাল আবেদীন জানান, অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপা পড়ে বাবা ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় বোন আহত হয়। পরে তাকে উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানায়, কালারমারছড়ার বিভিন্ন স্থানে পাহাড়কাটা এবং বালি উত্তোলনের কারণে বর্ষায় প্রত্যেক বছর এমন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। কিন্তু প্রশাসন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।