কুমিল্লার হোমনায় এক ঘরের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে। এদের মধ্যে মা-ছেলেসহ দুইজন শিশু রয়েছে। হত্যাকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
পুলিশ বলছে, তিনজনকেই ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেই রহস্য এখনো ভেদ করতে পারেনি পুলিশ।
বুধবার রাতে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
নিহতরা হলেন- বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে-সাহাব উদ্দিন (৯) এবং ভাগ্নি তিশা আক্তার (১৪)। নিহত তিশা আক্তার যুবলীগ নেতা রেজাউল করিমের বড় মেয়ে।
ওসি জয়নাল আবেদীন বলেন, বড় ঘাগুটিয়া গ্রামের মো.শাহপরান ঢাকায় চাকুরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশী মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন।
রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহগুলো খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যায় বলে তিনি জানান।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিনজনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।
নিহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি জয়নাল।