কুমিল্লায় ছুরিকাঘাতে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর নোয়াগাঁও সংলগ্ন ময়নামতি রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
পরে রাতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবারও এলাকায় পুলিশের উপস্থিতি দেখা গেছে।
নিহত মাহী আলম মারুফ (১৭) নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে।
কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাহী হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, কিশোর মাহি তার মায়ের সাথে নগরীর শাকতলা এলাকায় থাকতেন। তাদের সাথে পাশের রামনগর গ্রামের তুহিনের সাথে বিরোধ চলছিলো। শুক্রবার বিকেলে মাহী বাড়ির কাছে ময়নামতি রেলস্টেশনে খেলতে গেলে তুহিন ও তার বন্ধুরা মাহী এবং মাহীর সঙ্গীদের ওপর আক্রমণ চালায়। সেখানে থাকা সবাইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাহীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে নিহতের স্বজনরা অ্যাম্বুলেন্স মরদেহ নোয়াগাঁও এলাকায় নিয়ে এসে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা অভিযুক্ত তুহিনকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন।