কুমিল্লার চান্দিনায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আহমেদ (১৫) চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় আহত দুই জন একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোশারফ (২৬) ও মেহবুব মিয়ার ছেলে অনেক (১৬)।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মোশারফ হোসেনের মোটরসাইকেলে ওই তিন জন ঘুরতে বের হন। নিজ বাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লায় যাওয়ার পথে নূরীতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটি ছুটে আসছিলো। এসময় একটি বাস তাদেরকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে এক পথচারীকে ধাক্কা দিয়ে মহাসড়কে আঁচড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াছিনের। বাকি দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। আইনি ব্যবস্থা নেয়া হবে।