স্বেচ্ছায় ভাসানচরে গেলেন আরো ৫ শতাধিক রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরো পাঁচ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে এসেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নৌ-বাহিনীর চারটি জাহাজে করে তাদের নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে আনা হয়।

ভাসানচর থানার ওসি মোহাম্মদ আবু জাফর জানান, বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে কক্সবাজার থেকে বানৌজা পেঙ্গুইন, ডলফিন, টুনা ও বানৌজা তিমি নামের চারটি জাহাজে করে ৯০১ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়।

রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাড়িতে করে বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জন্য তাদের হস্তান্তর করা হয়। এরমধ্যে নতুন রোহিঙ্গা রয়েছে ৫০৬ জন এবং পুরাতন রয়েছে ৪০৬, যারা এর আগে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে তাদের আত্মীয় স্বজনদের দেখতে গিয়েছিলেন তারা এখন আবার নতুনদের সাথে ফিরে এসেছেন।

নতুন আসা রোহিঙ্গাদের ১১৪ ও ১১৫নং ক্লাস্টারে রাখা হবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এক হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে আসেন। আগে আসা ৩২ হাজার রোহিঙ্গাও এখন ভাসানচরে রয়েছেন। ২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে রোহিঙ্গারা ভাসানচরে আসতে শুরু করে।