আওয়ামী লীগ কী নির্বাচন করতে পারবে, যা বললেন সিইসি

সরকার ও আদালতের নিষেধাজ্ঞা না থাকলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়াতে কোন বাধা নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার বিষয়ে কমিশনের কোনো হাত নেই।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বন্দরনগরী চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলেও উল্লেখ করেন সিইসি।

এ এম নাসির উদ্দিন বলেন, ১৯৭২ সাল থেকে আওয়ামী লীগ নিবন্ধিত একটি দল। আদালত এবং সরকার নিষেধাজ্ঞা না দিলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনও বাধা নেই। তবে তারা যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় নির্বাচন করবে না তাহলে তো আমরা জোর করে তাদের করাতে পারবো না।

সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে-বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এইবার আগের মতো আর ভোট হবে না। ৫ আগস্টের পর ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬ এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

cse

বর্তমান তালিকায় ভুয়া ভোটার আছে জানিয়ে সিইসি বলেন, অনেকে মারা গেছেন। কিন্তু যারা মারা গেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। কেউ মারা গেলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে তাদের স্বজন আসেন না। এই সুযোগ নেওয়া হয়েছিল বিগত নির্বাচনগুলোতে।

বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনও চিন্তা করা হচ্ছে না। সিদ্ধান্তও নেই।

এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।