কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং শামলাপুর ঢালা থেকে অপহৃত সাত জন বাড়ি ফিরেছেন। তবে তারা কীভাবে মুক্ত হলেন সে ব্যাপারে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথাও বলে নাই মুক্তি পাওয়া ব্যক্তিরা।
বুধবার (১ জানুয়ারি) দিনের বিভিন্ন সময় তারা জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন।
এই খবর কানে গেছে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিনেরও।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তি পাওয়া অপহৃতদের এলাকার লোকজন বলছেন, মুক্তিপণ দিয়ে তারা ফিরে এসেছে।
তবে অপহৃতদের কেউ কথা বলতে রাজি হননি। একদিন পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত। তাই কথা বলতে চান না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল আটটার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুইটি অটোরিকশা থামিয়ে চালকসহ আট জনকে অপহরণ করা হয়েছে বলে জানায় শামলাপুর সিএনজিচালিত অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম।
হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজিচালিত অটোরিকশা হোয়াইক্যং-শামলাপুর সড়কে পৌঁছালে ঢালা থেকে ডাকাত দলের সদস্যরা আট জনকে অপহরণ করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
অপহৃতদের উদ্ধার অভিযান চালয় পুলিশ, র্যাব। কিন্তু অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে সোমবার টেকনাফের জাদিমোড়া থেকে অপহৃত ১৯ জনকে উদ্ধার করে র্যাব।