ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর চালিয়েছে।
সোমবার (৩১ মার্চ) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে আরেক নিহত অটোরিকশার চালকের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, আশুগঞ্জের সোহাগপুর গ্রামের মো. সৈয়দ হোসেনের ছেলে সৈয়দ তাজবীর (১৭) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের জুয়েল মিয়ার ছেলে মো. নোবেল (১৭)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, বিকেলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী দ্বীন ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা চালকসহ অপর দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। কিন্তু পথে পথে অটোর চালক মারা যায়। তার পরিচয় সনাক্ত করা যায়নি।
তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে।