লক্ষ্মীপুরে বিবাদমান দুটি গ্রুপের কথা কাটাকাটির পর গোলাগুলির ঘটনা ঘটেছে। তাদের ছোড়া গুলি একটি শিশুর পেট ছেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুর ইউনিয়নের কাশিপুর এই ঘটনা ঘটে।
গুরুতর আহত শিশুটির নাম আদিবা খাতুন (৭)। সে একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে এবং বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাচারীবাড়ির অহিদ উদ্দিন এবং ছোট ইউসুফের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটির পর গোলাগুলি শুরু হয়। এসময় শিশু আদিবা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, একটি গুলি শিশুটির পেট ছিদ্র করে ভেতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, পুলিশ তদন্ত শুরু করেছে।