মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর অভিযোগে শাহপরান কারাগারে

কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দি‌কে তাকে কুমিল্লার আমলী আদালত ১১ এর বিচারক মমিনুল হকের আদালতে আনলে তিনি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

এর আগে শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর ঢাকায় প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায় র‍্যাব।

পরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৬ জুন রাতে মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে এক নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই ঘটনায় ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণের মামলাও হয়।

ওই ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফজর আলী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বাকি চার আসামি, সুমন, রমজান, আরিফ ও অনিক রিমান্ডে রয়েছেন।