কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মা-মেয়েসহ তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার ছয় জনকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে এই মামলায় কারাগারে মোট আট জন।
রোববার (৬ জুলাই) বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এ মামলায় দুই জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাদেরও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান বলেন, মামলায় এজাহারে নাম থাকা তিন নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার ১৬৪ ধারায় জবানবন্দী দিতে রাজি হয়েছেন। তার বক্তব্য রেকর্ড করা হবে।
গেলো ৪ জুলাই মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ এনে ‘মব’ সৃষ্টি করে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে একদল মানুষ। এ ঘটনায় রুবি আক্তারে বড় মেয়ে রিক্তা আক্তার বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর সেনাবাহিনী দুই জন এবং যৌথ বাহিনী ছয় জনকে গ্রেপ্তার করে।