উদ্ধার শেষে আশুগঞ্জ ছেড়ে গেলো মহানগর এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট আপলাইনে রেল চলাচল। এর সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার শেষে আশুগঞ্জ ছেড়ে গেছে ট্রেনটি।

সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টায় উদ্ধারকারী ট্রেনের সহায়তায় মহানগর এক্সপ্রেস আশুগঞ্জ ছেড়ে গেছে।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের বগির সংযোগের কাপলিঙ্ক ভেঙে ১১টি বগি রেখে ট্রেনটি স্টেশনে ঢোকে।

আশুগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা সাতটার দিকে ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় মেঘনা নদীর পর বিকল হয়। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধার কাজ শেষে রাত পৌনে ১০টায় ট্রেনটি আশুগঞ্জ ছেড়ে যায়।