ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপে দিয়েছে দুর্বৃত্ত। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে একটি শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। চব্বিশের পাঁচ আগস্ট এখানে থাকা শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি ভেঙে ফেলা হয়। পরে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভে মীর মুগ্ধের মুখে কালি মেখে দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির হিতৈষী সদস্য ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এর ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশসহ অন্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উৎঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জড়িতদের দ্রুত আইনের আত্ততায় আনতে পুলিশ তৎপর রয়েছে।