কুমিল্লায় সহকারী কমিশনারের (ভূমি) গাড়ির চাপায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। তবে দুর্ঘটনার সময় ওই কর্মকর্তা গাড়িতে ছিলেন না। শিশুটির মা জানান, উপজেলা চত্বরে গাড়িটি অতি দ্রুত আসা এই দুর্ঘটনার কারণ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার হোমনা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম ফাইজা আক্তার (২)। তার বাবার নাম ফাইজুল হক। তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে শিশুটির মা অভিযোগ করে বলেন, গাড়িটি খুব দ্রুত গতিতে এসেছিলো। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।
দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হোমনার এসিল্যান্ড আহমেদ মোফাসের এবং ইউএনও শহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে আসেন।
এসিল্যান্ড সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারতো। আমি একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবো।
নিহত শিশুর বাবা গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে হোমনা থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেবো।