কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রাম থেকে এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সি বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), তার ছেলে মো. হোসাইন (৪) এবং জহিরুলের ভাই প্রবাসী আবদুস সাত্তারের ছেলে মো. জোবায়ের (৬)।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে স্বজনরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ৯টার দিকে তিনটি পৃথক কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত কাজ চলছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ দাশগুপ্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।