চট্টগ্রামের রাউজান উপজেলায় এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ ওরফে মুজিব ভান্ডারী (৫৬)। স্থানীয় লোকজনের দাবি, তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুল মজিদ অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি স্থানীয় বাজারের একটি মুদি দোকানে বসে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিবলু কান্তি দে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাঁর চোখের ওপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লেগেছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা এসে দোকানে বসা অবস্থায় তাকে গুলি করে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হামলাকারীরা ওই এলাকারই লোক।
তিনি আরও জানান, নিহতের রাজনৈতিক পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দলীয় সূত্র মজিদকে যুবদল কর্মী হিসেবে দাবি করলেও তিনি দলের কোনো পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।