কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত পাঁচ

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা ও জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়ার শাইখুল হাদিস মুফতি আব্দুল মোমিন (৫০), তাঁর স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৯), ছেলে সাঈদ আশ্রাফ (৭) এবং প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২)। চালক জামালের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জামাল হোসেন নিহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ মুমূর্ষু অবস্থায় প্রাইভেটকারে থাকা চারজনকে উদ্ধার করে ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশু সাঈদ আশ্রাফকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে-ও প্রাণ হারায়।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোমিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত স্টারলাইন পরিবহনের বাস ও বিধ্বস্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।