ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে অবৈধভাবে তেল মজুতের দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে—এমন গোপন খবরে অভিযানটি চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়।
অবৈধ মজুত এবং কৃত্রিম সঙ্কট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করার অপরাধে ওই তিন দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, র্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে কিছু দোকানে অবৈধ মজুতের প্রমাণ পাওয়ার পাশাপাশি দেখা গেছে যে, তাদের জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ অনুমোদনও নেই। এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, অসাধু ব্যবসায়ীরা মুদিদোকান, গ্যারেজ এবং শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুত করছে বলে খবর পায় র্যাব। এর পরিপ্রেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তেলের অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।