লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত তিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ ভিক্ষু রয়েছেন বলে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

লোহাগাড়া চুনতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি অথবা চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।