ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা; মোটরসাইকেলচালক মাইনুল ইসলাম; রিকশাচালক রাসেল এবং অটোরিকশাচালক সুমন মিয়া। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের কেন্দ্রস্থল থেকে কাউতলীমুখী একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে মোড়াইল ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনের ছয়জন আরোহীই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছায় এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।