কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, ঢামেকে ৯

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বাসগুলো ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে এর একটি বাস চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের মধ্যে আহত যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনার নাম জানা গেছে। এদের মধ্যে ১১ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ পরিচালনা করেন।