সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয় মাসেই কি সব বিদ্যুৎ-গ্যাস দিয়ে দেওয়া সম্ভব?
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষায়িত ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
এ্যানি বলেন, আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত তারা প্রতি মুহূর্তে সরকারকে সব ধরনের অসহযোগিতা করে যাচ্ছে। লংমার্চসহ রাজপথের এসব কর্মসূচির মাধ্যমে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করে সুযোগ নিতে চায়।
বিরোধী দলের গ্যাস ও বিদ্যুতের দাবির আন্দোলনের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, গত ১৭ বছর যারা অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তারা দুই-এক জায়গায় ঝটিকা মিছিল করে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্তমানে যারা বিরোধী দলে রয়েছে, তারা ঢাকা থেকে চট্টগ্রাম এবং রংপুরে লংমার্চ করছে। তারা গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য আন্দোলন করছে। কিন্তু আমরা একটি ধ্বংসস্তূপের ওপর এসে দায়িত্ব পেয়েছি। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই কি রাতারাতি গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দেওয়া সম্ভব?
লংমার্চের কারণে জনগণের দুর্ভোগ তুলে ধরে মন্ত্রী প্রশ্ন তোলেন, বিরোধী দল যে লংমার্চ বা রোডমার্চ করছে, সেখানে কি তেল খরচ হচ্ছে না? রাস্তাঘাটে মানুষের চলাচল বিঘ্নিত হয়ে জ্যামের সৃষ্টি হচ্ছে, রোগীদের কষ্ট হচ্ছে। উনারা সংসদে বলছেন সরকারকে সহযোগিতা করবেন, তবে সহযোগিতার নমুনা কি এই রকম হতে পারে?
বিরোধী দলের নির্বাচনের কৌশল নিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, ভোটের আগে হাতের মধ্যে ভোটার আইডি কার্ড নিয়ে টাকা দিয়ে এবং মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু ভোট আদায় করা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সুযোগ নিয়ে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করা হলে বিএনপি ও তারেক রহমানের সরকার তা কখনোই মেনে নেবে না। ১৭ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রাম, ছাত্র-জনতার আন্দোলন এবং রক্তক্ষয়ী ত্যাগের পথ ধরেই গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই জনগণের স্বার্থ রক্ষায় সরকার সর্বদা সতর্ক থাকবে।
অনুষ্ঠানে ড্যাবের জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ড্যাব জেলা নেতা অধ্যাপক ডা. আবদুল করিম মিঠু, ডা. ইকবাল হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।