বিদেশে যাওয়ার আগে বন্ধুর কাছে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার এক

চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে তিনটার দিকে জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় এই অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাছির উদ্দিন। তিনি ওই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গোপন খবরে চালানো এই অভিযানে নাছিরের ঘরের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড সাত দশমিক ৬৫ মিলিমিটার পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার তল্লাশি করে একটি ওয়ান শুটারগান এবং সাত রাউন্ড শটগানের কার্তুজ পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে নাছির জানিয়েছেন, রাউজান এলাকার তৈয়ব নামের এক ব্যক্তি তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গুলি তার কাছে গচ্ছিত রেখে যান। বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে সেগুলো আবার ফেরত নেওয়ার কথা ছিলো তৈয়বের।

হাটহাজারী থানা পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নাছির উদ্দিন এবং পলাতক তৈয়বকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।