ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সৌরভ (৩২), বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তবে নিহত অপরযাত্রী আসিফের (২৬) বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। পথে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আসিফের মৃত্যু হয়।
আহত ১৫ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীরা জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানান হাইওয়ে থানার এই পুলিশ কর্মকর্তা।