লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে এক মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মাটি বিক্রির ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আগে থেকেই তাকে হুমকি দিতো। তারাই তাকে গুলি করে হত্যা করেছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৫০)। তিনি দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পেশায় একজ মাটি ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার জানায়, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পেয়ে স্বজনেরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে পৌঁছালে স্থানীয়রা জানান, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে গেছেন।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামের ওই ব্যক্তির সঙ্গে খোরশেদের পূর্ববিরোধ ছিলো এবং তিনি খোরশেদকে একাধিকবার বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জহুরুল ইসলাম রনি জানান, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তার শরীরে দুটি গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার মূল কারণ উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত খোরশেদ আলমের বিরুদ্ধে পূর্বেও হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।