বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
রোববার (১ নভেম্বর) বিকেল তিনটায় ৬৮ মিটার দীর্ঘ জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও নৌবাহিনী সূত্রে জানা গেছে, জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান তাদের স্বাগত জানান।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে ‘কারাত-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ‘ইউএসএস ওয়ারিয়র’, একটি ‘পি-৮এ’ উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, বিশেষ ইউনিট ও নেভাল এভিয়েশন অংশ নেবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য হলো— দুই দেশের নৌসদস্যদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যৌথ সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মহড়া সফলভাবে শেষ করে আগামী পাঁচ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’।