কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম আদনান (২৩)। ভারতের জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ওই তরুণ মেডিক্যাল কলেজটির পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর পড়াশোনার জন্য আদনানকে নিয়ে বাংলাদেশে আসেন তার মা। গত দুই নভেম্বর রাতে তিনি কলেজের হোস্টেল থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তার মা বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। বুধবার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা গিয়ে আদনানের মরদেহ শনাক্ত করেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।