ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে নিজ কক্ষে নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন এসআই জাহাঙ্গীর। গুলির শব্দ শুনে সহকর্মীরা উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেলেও বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার কাজ চলছে। ঘটনাটির তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।