খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে পুরো বাসটি পুড়ে গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে পৌর শহরের মহাজনপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
বিআরটিসি টিকিট কাউন্টারের বিক্রেতা বিদ্যুৎ চাকমা বলেন, ভোর চারটার দিকে তাকে ফোন করে গাড়িতে আগুন লাগার খবর জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর চারটা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অভিযোগ করে বলেন, এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ জড়িত থাকতে পারে। পাশাপাশি যারা মব সৃষ্টি করে অরাজকতা করছে, তারাও এর পেছনে সহায়তা করতে পারে।
বাসে আগুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায় কিসলু। তবে তাৎক্ষণিকভাবে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।