ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের প্রতিবাদে ডাকা সড়ক ও রেলপথ অবরোধ সাড়ে চার ঘণ্টা পর প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানা হলে পুনরায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় ‘বাসুদেব ইউনিয়নবাসী’র ব্যানারে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল এবং আখাউড়া-আগরতলা সড়কপথে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রোমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি তুলে নেন। ফলে সাড়ে চার ঘণ্টা স্তব্ধ থাকার পর রুটগুলোতে পুনরায় ট্রেন ও যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়। গত চার জুন এর সরকারি গেজেট প্রকাশিত হলে বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
অবস্থা পর্যবেক্ষণে রেখে স্থানীয় এলাকাবাসী জানান, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে তাঁরা আবারও রাজপথ ও রেলপথ অবরোধসহ আরও কড়া কর্মসূচি দিতে বাধ্য হবেন।