ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও বিএনপির কার্যালয় ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় আখাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়, যা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়, সেটিসহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জেলার আখাউড়া উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। 

স্থানীয়রা জানান, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোবারক হোসেনকে সভাপতি ও জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী। শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। পদবঞ্চিত এই অংশটি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

একপর্যায়ে উভয় পক্ষ মিছিল নিয়ে মুখোমুখি হলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা সড়কবাজার এলাকার কয়েকটি দোকানপাট এবং আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করলে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।