কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদার দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং আরেকজন লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী। নিহত নারীসহ অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ সিফাতুল মাজদার বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে যায়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’