কিশোরগঞ্জের তাড়াইলে পেটে লাথি মেরে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত স্বামী অনুতপ্ত হয়ে থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীকে মারধরের পর শনিবার রাতে তার মৃত্যু হয়। এরপর রোববার দুপুরে তিনি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অনেকদিন ধরেই তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের শাহ আলমের সাথে স্ত্রী রিপা আক্তারের পারিবারিক কলহ চলছিল। দাম্পত্য জীবনে তাদের চার ও দুই বছর বয়সী দুইটি কন্যা সন্তান রয়েছে। গত শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহ আলম রিপার পেটে সজোরে কয়েকটি লাথি মেরে তাকে গুরুতর আহত করেন এবং এরপরও তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। এ অবস্থায় শনিবার রাতে রিপা মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় শাহ আলম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়।
রিপার পিতা ফিরুজ মিয়া জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী শাহ আলম ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। পেটে লাথি মারার কারণে রিপার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, শাহ আলম স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।