রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে এক কৃষক নিখোঁজ হয়েছেন। সোমবার সকালে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ কুদ্দুস মণ্ডল (৫৮) পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মৃত উজির মণ্ডলের ছেলে।
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান জানান, কুদ্দুস মণ্ডলসহ ১১ কৃষক পদ্মা নদীর ওপারের চরে কাজ করতে যাচ্ছিলেন। টেউয়ের কারণে তাদের নৌকাটি ডুবে যায়। অন্য সবাই সাঁতরে আসতে পারলে কুদ্দুস তলিয়ে যান।
কৃষক নিখোঁজের ঘটনায় উদ্ধার কাজ শুরু করেছে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।