মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, শিক্ষার্থী নিহত

গাজীপুর সদর থানায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী সোহেল রানা মুন্সীগঞ্জের গজারিয়া থানার চরবাউশিয়া বড়কান্দি গ্রামের জসিম সরকারের ছেলে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুয়েট শিক্ষার্থী সোহেল রানা দ্রুতগতিতে মোটর সাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি ডুয়েট গেইট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় সোহেল রানা সহ তার এক সহপাঠী আহত হন।

গুরুতর আহতাবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে সোহেল রানার মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।