গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত দুই

গাজীপুরে লরির ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার ভোর রাতের দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার পিকআপে রাত্রিকালীন ডিউটি করছিলেন ওই পুলিশ সদস্য।

নিহত কনস্টেবলের নাম বিতান বড়ুয়া। আহত দু’জন হলেন- এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, অজ্ঞাত একটি লরি পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিতানকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লরিটি জব্দ করা না গেলেও এটি খোঁজা হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।