জুতার মধ্যে লুকানো ছিলো প্রায় দুই হাজার ইয়াবা, গ্রেপ্তার এক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিনব কায়দায় জুতার মধ্যে বহন করে আনা এক হাজার ৮৬১ পিছ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ আলম (৩০) বান্দরবান জেলার নাইক্ষ্যাছড়ি এলাকার বাসিন্দা।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার জুতার মধ্যে অভিনব কায়দায় বহন করা এক হাজার ৮৬১ পিছ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি শাহ আলম জানান, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি।