গাজীপুরে রেললাইনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
বাকি গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সোহেল রানা, জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান, জুলকার নাঈম আশরাফী, শাহানুর আলম ও সাইদুল ইসলাম। তারা সবাই বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
জিএমপি কমিশনার মাহবুব আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কমিশনার মাহবুব আলম জানান, গত ১১ ডিসেম্বর রাতে ওই নাশকতার আগে কাউন্সিলর হাসান আজমল ভূইয়ার বাসায় নাশকতাকারীদের মিটিং হয়। মিটিং করে পরিকল্পনা অনুযায়ী নাশকতা করা হয়।
বুধবার গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় বুধবার ভোর চারটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমাস্টারসহ পাঁচজন গুরুতর আহত হন। এছাড়া ওই ঘটনায় কমবেশি আহত হন অর্ধশতাধিক যাত্রী।
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার মামলা হয়। রেলওয়ে কর্মকর্তা আশরাফুল আলম বাদী হয়ে নাশকতা ও হত্যার অভিযোগ এনে কমলাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা করেন।
এ ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি করা হয়েছে।