স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না আদিবার

শরীয়তপুরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় শিশু শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আদিবা ইসলাম (৫)। সে নাগেরপাড়া ইউনিয়নের রাণীসার গ্রামের বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। আদিবা নাগেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছুটির পর মায়ের সঙ্গে  বাড়ি ফিরছিল শিশুটি। হঠাৎ মায়ের হাত ছেড়ে একা একা রাস্তা পার হতে গিয়ে  অটোরিকশায় চাপা পড়ে। তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ পুষ্পেন দেবনাথ বলেন, পরিবারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।