বিশুদ্ধ পানি ও টয়লেট সঙ্কটে অসুস্থ হচ্ছেন মুসল্লিরা

পর্যাপ্ত বিশুদ্ধ পানি আর টয়লেট সঙ্কটের কারণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অসুস্থ হচ্ছেন মুসল্লিরা। রাতে ঠাণ্ডা আর দিনের ভ্যাপসা গরমে গেলো দু’দিনে লক্ষাধিক মুসল্লি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। এদিকে, শনিবার জিকির-আসগারের মধ্য দিয়ে দ্বিতীয় দিনটি পার করেছেন মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

শনিবার সরেজমিনে দেখা গেছে, টঙ্গীর কামারপাড়ায় ইজতেমা ময়দানের দুই নম্বর গেইটের সামনের ফ্রি চিকিৎসা কেন্দ্রে বুথে বুথে মুসল্লিদের দীর্ঘলাইন। লাইনে দাঁড়ানো মুসল্লিদের কেউ এসেছেন পেটের সমস্যা নিয়ে তো কারো সমস্যা কিডনিতে। হার্ট জটিলতা বা কোমর-পিঠের ব্যথা নিয়েও এসেছেন অনেকে। তাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কয়েকটি সংস্থার সদস্যরা।

চিকিৎসকদের দাবি, জরুরি চিকিৎসা সেবার পুরোটাই বিনামূল্যে দিচ্ছেন তারা, সমস্যা জটিল হলে নিজেদের ব্যবস্থাপনায় পাঠাচ্ছেন বিশেষায়িত হাসপাতালে। টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেয়া মুসল্লিরা বলছেন, সারাদিনই ইবাদত-বন্দেগি আর কুরআন হাদিসের তালিমের মধ্য দিয়ে দ্বিতীয় দিনটি পার করেছেন তারা। ধর্মের শান্তির শিক্ষা নিয়ে ফিরে তা ছড়িয়ে দিতে চান তারা।

istema1

শনিবার দুপুর পর্যন্ত এক পুলিশ সদস্যসহ ইজতেমা কেন্দ্রিক ১০ মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বায়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুর থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত ময়দানে আসা তিন মুসল্লির মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগ অসুস্থ হয়ে তারা মারা যান। এছাড়া ময়দানে আসার সময় এক পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পর্বের নেতৃত্ব দেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগের দিনই পরিপূর্ণ হয়ে গিয়েছিল তুরাগ তীরের ময়দান। কিন্তু তাতে থামেনি ইজতেমামুখী মানুষের স্রোত। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও দলে দলে তাবলিগ জামাত অনুসারীরা আসছেন ইজতেমায় অংশ নিতে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এই ঢল চলবে বলে জানান বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বায়ক হাবিবুল্লাহ রায়হান।

শনিবার বাদ ফজর থেকেই ইজতেমা মাঠে অবস্থান করা লাখো মানুষের উদ্দেশ্যে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শুরু করেন তাবলিগের মরুব্বিরা। বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বাদ জোহর বয়ান করেন মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা। তারা সবাই ভারতের মাওলানা।

বাদ আসর যৌতুকবিহীন বিয়ের আয়োজন

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ হলো সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর বয়ান মঞ্চের পাশেই এই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই বিয়ে। অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান।

বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। এবার ইজতেমায় শতাধিক জোড়া বিয়ে হয়েছে। 

রাত থেকেই বন্ধ থাকবে যেসব রাস্তা

রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গীর স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

istema

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইব্রাহিম জানান, শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গি স্টেশন রোড পর্যন্ত সড়ক, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গি পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ঢাকাগামী লোকজন ও যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে তিনশ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। যেসব লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে চলে যাবেন।