পাংশা‌য় বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা 

রাজবাড়ীর পাংশায়‌ এক বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররা‌তে সরিষা ইউনিয়নের প্রেম‌টিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা আশালতা দাস (৭৫) সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার দাসের স্ত্রী।

সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার জানান, ভোররা‌তে কে বা কারা ওই বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ক‌রে‌ছে। তবে এলাকায় তার কোন শত্রু ছিলো না। তিনি একাই বাড়ি‌তে থাকতেন। ছিঁচকে চোর অথবা মাদকসেবীরা কোন কারণে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষ‌য়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।