টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার ভোর থেকে সৃষ্টি হওয়া এই যানজট বেলা সাড়ে ১০টার দিকে স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন উত্তর) রফিকুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজ ভর্তি পরীক্ষা থাকায় এই মহাসড়কে পরিবহনের চাপ বেশি।
তিনি জানান, এলেঙ্গা থেকে সেতুপূর্ব পাড় পর্যন্ত দুই লেনে সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাক চালকরা ঘুমিয়ে যান। এতে পেছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে। সকাল ৯টার পর থেকে মহাসড়কটির এই সীমানায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান জেলা ট্রাফিক পুলিশের এই ইন্সপেক্টর।
এর আগে ভোর থেকে শুরু হওয়া যানজট প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ হয়। যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা হতে ভুঞাপুর-তারাকান্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করেছে।