রাজবাড়ীতে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থানায় এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখায়রুজ্জামান।
গ্রেপ্তার নাজমূল হাসান মিন্টু রাজবাড়ী জেলার ধুঞ্চি এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার জানান, গত সংসদ নির্বাচনের আগে জেলা শহরের একটি আবাসিক হোটেলে থেকে সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয় নাজমূল হাসান মিন্টু। এ ব্যাপারে হোটেল মালিক জগদীশ চন্দ্রপাল একটি মামলা করেন।
এছাড়াও সময় টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমানও একটি জিডি করেন। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
আটকের সময় তার কাছ থেকে সময় টিভির লোগো ব্যবহার করা একটি আইডি কার্ড ও ভিজিটিং কার্ড এবং প্রতারণা করা বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি জব্দ করা হয়।