গাজীপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই আগুনে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হলো।

নিহতের নাম মোছা. কমলা খাতুন (৬৫)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পানাগারি গ্রামের শুকুর আলী শেখের স্ত্রী। তার বাবার নাম সুরজ মন্ডল। কমলা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টপস্টার এরাকায় থাকতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, বুধবার ভোর চারটা ২৫ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীর ৮০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে ১৪ জন চিকিৎসাধীন আছেন বলেও জানান ডা. তরিকুল।

বুধবার (১৩ মার্চ) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালা এলাকায় ওই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসার এক ভাড়াটিয়া নতুন গ্যাস সি‌লিন্ডার এনে কম্প্রেসার লাগানোর চেষ্টা করলে সি‌লিন্ডারের পিন‌ ভেঙে গ্যাস বের হ‌তে থাকে। দ্রুত সি‌লিন্ডার‌টি বাসার পাশের সড়কে ফেলে দেন তারা। এতে পাশে থাকা লাকড়ির চুলার আগুন সি‌লিন্ডার গ্যাসের সংস্পর্শে আসলে আগুন ছড়িয়ে পড়ে। 

এই আগুন সড়কের ছড়িয়ে পড়লে  চলাচলকারী ও আশপা‌শের বাসাবাড়ির নারী ও শিশুসহ অন্তত ৩৪ জন দগ্ধ হয়। 

পরের দিন বৃহস্পতিবার সকালে হাসপাতালে দগ্ধদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন। 

তিনি জানান, অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না। কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন অবহেলা না থাকে, তা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।