গাজীপুরে সড়ক ও রেলপথে দুই জনের মৃত্যু

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানচালক এবং ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলা সদরে আলাদা দুর্ঘটনা দুটি ঘটে।

জিএমপির সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম জানান, সালনা এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি বেকারির ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয়। আহত হন এক পথচারী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মো. ফজল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান জানান, নিহত ফজল মিয়া ফরিদপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি পূবাইলের করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজল মিয়া রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ট্রেন চলে এলে ফজল রেললাইন থেকে সরতে পারেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাজিউর ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।