মানিকগঞ্জে এক রাতে কৃষকের পাঁচ সেচ মেশিন চুরি

মানিকগঞ্জে এক রাতে কৃষকের পাঁচটি সেচ মেশিন চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের তিনটি গ্রামের ফসলে মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।

এমনিতেই গত কয়েকদিন ধরে  তীব্র তাবদাহ আর খরায় ধান ক্ষেতের মাটি ফেটে যাচ্ছে।‌ তার ওপর কৃষকের সেচ যন্ত্র চুরির ঘটনায় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, ইউনিয়নের চরকুশুন্ডা গ্রামের কনক সরকার এবং পাশের চরবিনোড়া গ্রামের স্বপন সরকার, শান্তি বিশ্বাস, অজিত মাস্টার এবং আশাপুর গ্রামের হাতেম আলীর মেশিন চুরি হয়েছে।  

কৃষক কনক সরকার জানান, এখন ধান ফুলে বের হয়েছে। প্রচণ্ড তাপ আর খরায় এমনিতেই বোরো ধানে পানি থাকছে না। এরই মধ্যে সেচ মেশিন চুরি হয়ে গেলো। এখন খী করে বোর ধানে পানি দেবো! ধান ক্ষেত ফেটে যাচ্ছে।

কৃষক অজিত বলেন, সকালে বোরো ধানে পানি দিতে গিয়ে দেখি সেচ মেশিন নেই।  এর কিছুক্ষণ পরেই জানতে পারি আশপাশের আরও কয়েক জনের সেচ মেশিন চুরি হয়েছে। বিষয়টি পুলিশে জানিয়েছি।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে একই এলাকায় কয়েকটি সেচ মেশিন চুরি হয়েছে। এর কোনো সুরাহা হয়নি। এভাবে চলতে থাকলে কৃষক নিঃস্ব হয়ে যাবে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। ‌দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনা হবে।